‘তালপুকুরে ডুব দিতাম, / গাছের ডালে চড়িয়া,
পাকা তালটি পড়তো, / মুখে দিতাম ভরিয়া।’
এই দৃশ্য সচরাচর গ্রাম বাংলায় দেখা যায়। তবে তালের বড়া, তালের লুচি, মালপোয়া, ক্ষীরের স্বাদ থেকে শহরাঞ্চলও বঞ্চিত নয়। তবে তালের এসব চেনা রেসিপি বাদ দিয়ে আজ জানব তালের একটা অনেক পুরনো রেসিপি। যা এখন একেবারে অবলুপ্ত হয়ে গেছে। অনেকে হয়ত এর নামও শোনেননি। তালের পোড়া পিঠে।

উপকরণঃ
- পাকা তালের রস
- চালের গুঁড়ো
- কোড়ানো নারকেল
- চিনি (স্বাদমতো)
- পরিমাণ মত লবণ
- নারকেলের টুকরো
- কাজুবাদাম
- কিসমিস
- কলাপাতা বা ফয়েল পেপার

প্রণালীঃ
- কড়াইতে ১.৫ কাপ (প্রায় ৩০০ গ্রাম) মিষ্টি তালের পাল্প নিন।
- সমপরিমাণ চিনি (১.৫ কাপ) ও আধা চামচ লবণ দিন।
- ভালোভাবে মিশিয়ে চিনি গলিয়ে নিন।
- যদি তালের পাল্প তেতো হয়, চিনি ২ কাপ পর্যন্ত বাড়ান।
- মিশ্রণে ১ কাপ (২০০ মি.লি.) দুধ দিন (শুধু দুধ বা জলও ব্যবহার করা যাবে)।
- মিডিয়াম-টু-হাই ফ্লেমে ফুটিয়ে নিন।
- লো ফ্লেমে প্রথমে ১ কাপ চালের গুঁড়ো দিয়ে মিশিয়ে নিন।
- তারপর আরও ১ কাপ চালের গুঁড়ো দিয়ে মিশিয়ে নিন। (আতপ, গোবিন্দভোগ বা বাজারের শুকনো চালের গুঁড়ো ব্যবহার করা যাবে)।
- মিশ্রণ ঘন হলে ১ কাপ জল (বা দুধ) দিন।
- লো ফ্লেমে ৬–৭ মিনিট নাড়ুন।
- নারকেলের টুকরো, ১০–১২টি কাজুবাদাম ও ১৫–২০টি কিসমিস দিন।
- মিডিয়াম-টু-লো ফ্লেমে আরও ৬–৭ মিনিট নেড়ে চালের গুঁড়ো ভালোভাবে সেদ্ধ করুন।
- কড়াইয়ের নিচে অল্প জল ছড়িয়ে দিন (তেল/ঘি না দিলে)।
- কেটে ধোয়া কলাপাতা নিচে বিছিয়ে দিন।
- পুরো মিশ্রণ কলাপাতার উপর ছড়িয়ে সমান করুন।
- উপরে আবার কলাপাতা দিন (ইচ্ছা হলে ঘি ব্রাশ করে দিতে পারেন)।
- মিডিয়াম ফ্লেমে প্রথমে ২০ মিনিট রান্না করুন, যাতে এক দিক লালচে হয়।
- উল্টে দিয়ে অন্য দিকও ২০–২৫ মিনিট রান্না করুন।
- কড়াই ঢেকে ১ ঘণ্টা ঠান্ডা হতে দিন।

পোড়া পিঠে বেশি লালচে হলে স্বাদ বাড়ে। আর ধীরে রান্না করলে চালের গুঁড়ো ভালোভাবে সেদ্ধ হয় এবং পিঠে নরম ও সুস্বাদু হয়। কলাপাতা সরিয়ে পিঠে কেটে পরিবেশন করুন।