বাচ্চাদের চুল নরম ও স্পর্শকাতর। তাই যত্ন নেওয়ার ক্ষেত্রে বিশেষ মনোযোগ দেওয়া জরুরি। চুলের প্রকৃত স্বাস্থ্য নির্ভর করে চুলের গোড়া বা স্ক্যাল্পের অবস্থার ওপর। সুস্থ গোড়া মানেই শক্ত, ঘন এবং উজ্জ্বল চুল। সঠিক রুটিনে কিছু সহজ অভ্যাস যোগ করলে ছোট থেকেই বাচ্চার চুলের যত্ন নেওয়া সহজ হয়।

স্ক্যাল্প পরিষ্কার রাখা জরুরি

বাচ্চারা বাইরে খেলাধুলা করে, ঘামে, ধুলো-ময়লায় মিশে যায়। এগুলো জমে স্ক্যাল্পে ইনফেকশনের ঝুঁকি বাড়ায়। সপ্তাহে অন্তত ২–৩ বার মাইল্ড, সালফেট-ফ্রি শ্যাম্পু দিয়ে স্ক্যাল্প পরিষ্কার করা উচিত। তবে প্রতিদিন শ্যাম্পু করা ঠিক নয়। কারণ, এতে স্ক্যাল্প শুষ্ক হয়ে যায়। শ্যাম্পুর সঙ্গে হালকা গরম জল ব্যবহার করলে পরিষ্কার হবে আরও ভালোভাবে।

তেল মালিশের গুরুত্ব

স্ক্যাল্পে নিয়মিত হালকা তেল মালিশ করলে রক্ত সঞ্চালন বৃদ্ধি পায় এবং গোড়া মজবুত হয়। নারকেল, বাদাম বা অলিভ অয়েল বাচ্চাদের জন্য নিরাপদ বিকল্প। মালিশ করার সময় হালকা হাতে ৫–১০ মিনিট ম্যাসাজ করলে চুলের বৃদ্ধি দ্রুত হয়। তবে সুগন্ধি মিশ্রিত বা ভারী তেল ব্যবহার না করাই ভালো। কারণ, তা শিশুর ত্বকে অ্যালার্জি তৈরি করতে পারে।

পুষ্টি থেকে শক্তি

চুলের গোড়া ভিতর থেকে শক্ত করতে সঠিক ডায়েট অপরিহার্য। প্রোটিন, ভিটামিন এবং জিঙ্ক সমৃদ্ধ খাবার যেমন দুধ, ডিম, মাছ, সবুজ শাকসবজি, ফল এবং বাদাম বাচ্চার নিয়মিত খাবারে রাখা উচিত। পর্যাপ্ত জল খাওয়ানোর অভ্যাস গড়ে তুললে স্ক্যাল্পের শুষ্কতাও কমে।

সঠিক চিরুনির ব্যবহার

শক্ত ব্রাশ বা টাইট হেয়ারস্টাইল চুলের গোড়ায় টান সৃষ্টি করে। ফলে চুল ভেঙে যায় বা ঝরে যায়। নরম ব্রিসলসযুক্ত চিরুনি অথবা কাঠের চিরুনি ব্যবহার করা করা উচিত। স্কুলে যাওয়ার সময়ও হালকা হেয়ারস্টাইল করলে স্ক্যাল্পের ওপর চাপ কম পড়ে।

সমস্যা হলে সতর্কতা

যদি স্ক্যাল্পে অস্বাভাবিক খুশকি, লালচে ফুসকুড়ি, অতিরিক্ত চুল পড়া বা ইনফেকশন দেখা দেয়, তবে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। প্রাথমিক পর্যায়ে সঠিক চিকিৎসা চুলের স্বাস্থ্য পুনরুদ্ধারে সহায়তা করে।

চুলের গোড়ার যত্ন কেবল বাইরের রুটিনেই সীমাবদ্ধ নয়; ভেতর থেকে পুষ্টি, সঠিক অভ্যাস এবং নিয়মিত পর্যবেক্ষণই বাচ্চার চুলকে দীর্ঘ সময় সুস্থ রাখে। ছোট থেকেই সঠিক যত্ন শুরু করলে ভবিষ্যতে ঘন, মজবুত ও উজ্জ্বল চুল পাওয়া সম্ভব—যা আত্মবিশ্বাস গড়ে তোলে এবং ব্যক্তিত্বের সৌন্দর্য বাড়ায়।

Related Posts