রাত পোহালেই ভাইফোঁটা। ভাই-দাদার কপালে ফোঁটা দেওয়ার পর তাদের মন ভালো করে দেওয়ার জন্য মিষ্টির কোনও বিকল্প নেই। কিন্তু বাজারের একঘেয়ে মিষ্টিতে আর কতদিন? এই বছর না হয় চমকে দিন নিজের হাতে বানানো ঐতিহ্যবাহী লবঙ্গ লতিকা মিষ্টি দিয়ে। লবঙ্গলতিকার নাম শুনলেই জিভে জল আসে। ভাইদের মুখে হাসি ফোটাতে চটপট বাড়িতে বানিয়ে নিন। কীভাবে তৈরি করবেন, তা দেখে নিন…

উপকরণঃ
- ময়দা
- বেকিং পাউডার
- বেকিং সোডা
- চিনি, নুন স্বাদমতো
- লবঙ্গ
- দুধ
- নারকেল কোরা
- কনডেন্স মিল্ক
- গুঁড়ো দুধ
- এলাচ গুঁড়ো
- কাজু ছোট ছোট করে টুকরো করে রাখা
- কিশমিশ
- সিরাপ বানাতে লাগবে – চিনি, জল, এলাচ গুঁড়ো

প্রণালীঃ
- ময়দা ভালো করে সাদা তেল, বেকিং পাউডার, বেকিং সোডা, নুন, চিনি দিয়ে মাখতে হবে।
- এবার একটি ফ্রাইং প্যানে সামান্য ঘি গরম করে নারকেল কোরা, গুঁড়ো দুধ, কনডেন্স মিল্ক, কাজু, কিশমিশ দিয়ে ভালো করে লাল লাল করে নিতে হবে।
- এবার সিরা তৈরীর জন্য একটি পাত্রের মধ্যে চিনির রস জল এবং এলাচ গুঁড়ো দিয়ে ফোটাতে হবে।
- মেখে রাখা ময়দা লুচির আকারে বেলে নিতে হবে।
- মাঝখানে আন্দাজমতো পুর দিয়ে দুইপাশ ভাল করে ভাঁজ করে নিতে হবে।
- এই দুপাশ ভাজ করে মাঝখানে একটা লবঙ্গ গেঁথে দিতে হবে।
- কড়াইয়ে ঘি গরম করে ভেজে নিলেই একেবারে তৈরি ‘লবঙ্গ লতিকা’।

এই ভাইফোঁটায় নিজের হাতে তৈরি এই মিষ্টি পরিবেশন করে দেখুন, ভাই বা দাদার জন্য এর চেয়ে বড় উপহার আর কিছুই হতে পারে না।