‘সকালের জলখাবারে কী বানাব? বাচ্চার টিফিনে কী দেব? আবার সন্ধ্যের চায়ের আড্ডায় স্পেশাল ‘টা’ কী বানানো যায়!’ – এইসব ভাবনায় যদি আপনিও আটকে যান, তাহলে ট্রাই করুন গরম গরম চিকেন চিজ পরোটা। বাইরে খাস্তা, ভেতরে নরম – এক কামড়েই মন ভরে যাবে। ব্যস্ত সকালের ব্রেকফাস্ট হোক, বাচ্চাদের টিফিন বা সন্ধ্যের স্ন্যাক্স – যেকোনও সময়ের জন্যই এই রেসিপি একদম পারফেক্ট। চলুন দেখে নিই রেসিপি আর সঙ্গে রইল কিছু টিপস –

উপকরণঃ

  • চিকেন ২৫০ গ্রাম (সেদ্ধ ও ছোট টুকরো করা)
  • পেঁয়াজ কুচি ১টি (বড়)
  • আদা-রসুন বাটা ১ চা-চামচ
  • জিরে গুঁড়ো ১/২ চা-চামচ
  • ধনে গুঁড়ো ১/২ চা-চামচ
  • গরম মশলা গুঁড়ো ১/৪ চা-চামচ
  • লঙ্কা গুঁড়ো ১/২ চা-চামচ (স্বাদমতো)
  • নুন স্বাদমতো
  • গোলমরিচ গুঁড়ো ১/৪ চা-চামচ
  • চিজ ৫০ গ্রাম (গ্রেট করা)
  • ময়দা ২ কাপ
  • পরিমাণ মত তেল

প্রণালীঃ

১। চিকেন সেদ্ধ করে কিমা করে নিন।

২। কড়াইতে তেল গরম করে পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা দিয়ে হালকা করে ভাজুন।

৩। পেঁয়াজ ভাজা হলে চিকেন কিমা, গরম মশলা এবং নুন দিয়ে ভালো করে মিশিয়ে কিছুক্ষণ কষিয়ে নিন।

৪। এরপর কিমার পুর ঠান্ডা হতে দিন।

৫। ঠান্ডা হয়ে গেলে কিমার সাথে গ্রেট করা চিজ মিশিয়ে পুর তৈরি করুন।

৬। ময়দা মেখে গোল করে লেচি কেটে পুর ভরে পরোটা বেলে নিন।

৭। গরম তেলে সোনালী হওয়া পর্যন্ত ভেজে নিন।

৮। গরম গরম পরিবেশন করুন।

টিপসঃ

  • চিকেন কিমা ভাজার সময় অল্প জল দিতে পারেন, এতে কিমা নরম হবে।
  • পুর ভরার সময় খেয়াল রাখবেন যেন পুর বেরিয়ে না যায়।
  • তেল গরম করে ভাজলে পরোটা মুচমুচে হবে।

একবার বানিয়ে দেখুন, প্রতি সময়েই এটা হবে আপনার রান্নাঘরের হিরো।

Related Posts