এখন সময়ের অভাবে অধিকাংশ মানুষ পরিবার বা আপন মানুষের সঙ্গে একান্ত সময় কাটানোর জন্য রেস্টুরেন্ট টাকেই বেছে নেন। কিন্তু সবসময় রেস্টুরেন্টে খাওয়া না তো স্বাস্থ্যের জন্য খুব একটা ভালো আর না তো পকেটের জন্য। তাহলে উপায়? ঘরে বসেই আপনি সহজ কিছু উপকরণ দিয়ে বাড়িতেই বানিয়ে ফেলতে পারেন রেস্টুরেন্ট স্টাইল খাবার।
মটন স্টেক সঙ্গে স্টির ফ্রাই ভেজিটেবলঃ
এই রেসিপিটা শুনতে বেশ জটিল মনে হলেও, একবার বানিয়ে দেখুন আপনিও এই রেসিপির প্রেমে পড়ে যাবেন।
উপকরণ

১. ৪০০ গ্রাম মটন কিমা
২. আদা কুঁচি
৩. রসুন কুঁচি
৪. পেঁপে কুঁচি
৫. স্বাদ মত নুন
৬. ২-৩ টেবিল চামচ বাটার
৭. ব্রেড ক্রাম্ব
৮. একটা ডিম
৯. মিক্সড ভেজিটেবল (গাজর, ব্রোকলি, সুইট কর্ণ, বিনস)
১০. থাইম ও রোজমেরি
প্রথমে একটা পাত্রে মটনের কিমা, আদা কুঁচি, রসুন কুঁচি, পেঁপে কুঁচি, স্বাদ মত নুন অল্প পরিমাণ ব্রেড ক্রাম্ব ও ডিম দিয়ে ম্যারিনেট করে অন্তত ৩০ থেকে ৪৫ মিনিট রেখেদিন। এরপর স্টেকের উপরে ঢালার জন্য একটা সস বানিয়ে নেব।
সসের উপকরণঃ

১. পেঁয়াজ কুঁচি
২. অল্প পরিমানে রসুন কুঁচি
৩. বাটার
৪. চিনি
৫. জলে গুলে রাখা কর্নফ্লাওয়ার
৬. ২ টেবিল চামচ সোয়া সস
৭. ২ টেবিল চামচ তেঁতুলের কাঁথ
সস বানানোর জন্য আমরা প্রথমে প্যানে বাটার দেবেন, তারপর দেব পেঁয়াজ কুঁচি আর অল্প পরিমাণে চিনি ও জল দিয়ে পেঁয়াজটা নাড়তে থাকতে হবে যাতে পেঁয়াজটা পুড়ে না যায়। এবার যখন পেঁয়াজটা একটু লালচে রঙ ধরতে শুরু করে ঠিক তখনি একটু বেশি করে জল দিয়ে দিন, তারপর এর মধ্যে দিয়ে দিন ২ টেবিল চামচ সোয়া সস, আর ২ টেবিল চামচ তেঁতুলের কাঁথ। এবার একটু ফুটে এলে নামিয়ে ঠাণ্ডা করে নিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন। এবার ওই একই মিশ্রণটা আর একটু ফুটিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিন জলে গুলে রাখা কর্নফ্লাওয়ার। মিশ্রণটা একটু টেনে আসলেই নামিয়ে ফেলুন, ব্যাস আপনার সস রেডি।

এবার ম্যারিনেট করে রাখা মটনের কিমাকে ২০০ গ্রাম করে দু ভাগে ভাগ করে নিয়ে, বাটার পেপার চাপা দিয়ে একটা গোলাকার শেপ বানিয়ে নেবেন। এবার ধোঁয়া ওঠা প্যানে ভালো করে বাটার গরম করে দুটো প্যাটিকে একপিঠ একপিঠ করে ভালো করে ভেজে নিতে হবে। ভেজে তোলার আগে থাইম আর রোজমেরি একটা সুতোয়ে বেঁধে ওই প্যাটির সাথে একটু ফ্রাই হতে একই প্যানে দিয়ে দিন। এতে থাইম আর রোজমেরির ফ্লেভারটা মটনের প্যাটির মধ্যে ভালো মত ইনফ্লুয়েন্সড হয়ে যাবে।

ব্যাস আপনার রেসিপির ৯০ ভাগ কমপ্লিট এবার মিক্সড ভেজিটেবল গুলো ওই একই প্যানে বাটার দিয়ে হালকা ভেজে তুলে নিন যাতে সবজিগুলো থেকে সমস্ত কাঁচা ভাব চলে যায়। এবার একে একে সব এক সঙ্গে প্লেটে সাজিয়ে নিন আর স্টেকের উপরে সসটা ছড়িয়ে দিন। এবার তাড়াতাড়ি করে সুন্দর ভাবে টেবিল সাজিয়ে, পছন্দের গান বা সিনেমা চালিয়ে পছন্দের মানুষটার সাথে উপভোগ করুন মটন স্টেক সঙ্গে স্টির ফ্রাই ভেজিটেবল।
