দুর্গা পুজো মানেই নতুন জামাকাপড়, সাজগোজ, আর নিজেকে একটু নতুনভাবে উপস্থাপনের সুযোগ। এই সময়ে অনেকেই চুল নিয়ে একটু বেশি সচেতন হয়ে ওঠেন। পুজোর আগে যদি চুল একটু লম্বা ও ঘন করা যায়, তাহলে সাজে যেন আলাদা একটা পরিপূর্ণতা আসে। আর চুল বড় করার জন্য পার্লারের কেমিক্যাল ট্রিটমেন্টের চেয়ে অনেক বেশি কার্যকর ও নিরাপদ হতে পারে কিছু ঘরোয়া উপায়।
১. নারকেল তেল ও পেঁয়াজের রস:

প্রতিবার চুল ধোয়ার আগে নারকেল তেলের সঙ্গে পেঁয়াজের রস মিশিয়ে স্ক্যাল্পে ভালোভাবে ম্যাসাজ করুন। পেঁয়াজের রসে থাকে সালফার, যা চুলের গোড়া মজবুত করে এবং নতুন চুল গজাতে সাহায্য করে।
২. মেথি বীজের প্যাক:

মেথি বীজ সারারাত ভিজিয়ে রেখে সকালে পেস্ট করে স্ক্যাল্পে লাগান। সপ্তাহে দু’বার এই প্যাক ব্যবহার করলে চুলের বৃদ্ধির হার বাড়ে ও রুক্ষতা কমে।
৩. আমলকি, হরিতকি, বহেরা (ত্রিফলা) বাটার প্যাক:

এই তিনটি উপাদান চুলের গোড়াকে পুষ্টি দিয়ে চুল বড় করতে সাহায্য করে। সপ্তাহে একবার এই প্যাক লাগালে চুল দ্রুত বাড়ে ও ঝরে পড়া কমে।
৪. অ্যালোভেরা জেল:

অ্যালোভেরা চুলের জন্য একটি দারুণ প্রাকৃতিক কন্ডিশনার। এটি চুলের ড্যামেজ রিপেয়ার করে ও স্ক্যাল্প হেলদি রাখে, যার ফলে চুল দ্রুত বাড়ে।
৫. খাদ্যাভ্যাসে পরিবর্তন:
চুলের গঠন নির্ভর করে আমাদের খাদ্যাভ্যাসের ওপরও। চুল বড় করতে হলে খাদ্যতালিকায় রাখতে হবে প্রোটিন, আয়রন, ভিটামিন এ ও ই। ডিম, বাদাম, সবুজ শাকসবজি, দুধ ও ফলমূল নিয়মিত খেলে চুল ভিতর থেকে পুষ্টি পায়।
পুজোর আগে মাত্র দুই মাস সময় আছে। এই সময়টুকু নিয়ম মেনে চুলের যত্ন নিলে পুজোর দিনগুলোতে আপনার চুলই হয়ে উঠবে আপনার সৌন্দর্যের অন্যতম আকর্ষণ। কেমিক্যালে নয়, এবার ঘরোয়া উপায়েই ফিরিয়ে আনুন চুলের স্বাভাবিক সৌন্দর্য ও দৈর্ঘ্য।