বাইরে গিয়ে রেস্টুরেন্টের চিকেন টিক্কি খেতে ইচ্ছে করছে? এবার আর সময় বা খরচ—কোনওটাই বেশি লাগবে না। খুব সহজ কয়েকটি উপকরণে বাড়িতেই বানিয়ে ফেলুন জুসি, মশলাদার আর সুস্বাদু চিকেন টিক্কি।
চিকেনের পদ মানেই যে অনেকক্ষণ রান্নাঘরে কাটাতে হবে, এমনটা কিন্তু একেবারেই নয়। হাতে থাকা কয়েকটি সাধারণ উপকরণ দিয়েই অল্প সময়ে তৈরি করা যায় দারুণ স্বাদের চিকেন টিক্কি। বিকেলের স্ন্যাকস, হঠাৎ বাড়িতে অতিথি এলে কিংবা উইকেন্ডের ছোট্ট গেট-টুগেদার—সবেতেই এই রেসিপি হতে পারে একেবারে পারফেক্ট।
উপকরণ
- কিমা করা মুরগির মাংস: ৩০০ গ্রামসেদ্ধ আলু:
- ১টি (বড়, চটকে নেওয়া)
- পেঁয়াজ কুচি: ১/২ কাপ (মিহি করে কাটা)
- আদা কুচি: ১ চা চামচ (মিহি করে কাটা)
- রসুন কুচি: ১ চা চামচ (মিহি করে কাটা)
- কাঁচা লঙ্কা কুচি: ২টি (মিহি করে কাটা)
- ধনেপাতা কুচি: ২ টেবিল চামচ
- জিরে গুঁড়ো: ১/২ চা চামচ
- ধনে গুঁড়ো: ১/২ চা চামচ
- গরম মশলা গুঁড়ো: ১/২ চা চামচ
- আমচুর পাউডার বা লেবুর রস: ১ চা চামচ
- গোলমরিচ গুঁড়ো: ১/২ চা চামচ
- পাউরুটির গুঁড়ো (Breadcrumbs): ১/২ কাপ
- কর্নফ্লাওয়ার: ২ টেবিল চামচ
- ডিম: ১টি (বিট করা)
- সাদা তেল: ভাজার জন্য
- নুন: স্বাদমতো

প্রণালী
১। একটি পাত্রে মুরগির মাংসের কিমা, সেদ্ধ আলু, পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি এবং ধনেপাতা কুচি একসাথে মিশিয়ে নিন।
২। এতে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, আমচুর পাউডার বা লেবুর রস, গোলমরিচ গুঁড়ো এবং স্বাদমতো নুন দিয়ে হাত দিয়ে ভালো করে মেখে নিন।
৩। বাইন্ডিংয়ের জন্য এর সঙ্গে ২ টেবিল চামচ পাউরুটির গুঁড়ো ও কর্নফ্লাওয়ার মিশিয়ে মসৃণ মেখে ছোট ছোট টিক্কির আকারে গড়িয়ে নং
৪। একটি বাটিতে ডিম ফেটিয়ে সামান্য নুন ও গোলমরিচ গুঁড়ো মিশিয়ে রাখুন এবং অন্য একটি প্লেটে বাকি পাউরুটির গুঁড়ো ছড়িয়ে দিন।
৫। প্রতিটি টিক্কি প্রথমে ফেটানো ডিমে ডুবিয়ে তারপর পাউরুটির গুঁড়োয় ভালো করে গড়িয়ে চেপে চেপে কোট করে নিন।
৬। ফ্রাইং প্যানে ৪-৫ টেবিল চামচ তেল গরম করে টিক্কিগুলো একে একে দিয়ে দিন।
৭। মাঝারি আঁচে এপিঠ ওপিঠ করে লালচে সোনালী ও মুচমুচে হওয়া পর্যন্ত ভেজে তুলে নিন।
গরম গরম চিকেন টিক্কি পেঁয়াজের রিং, লেবুর টুকরো ও পুদিনা-ধনেপাতার চাটনির সঙ্গে পরিবেশন করুন। ব্যস, কম সময়ে বাড়িতেই তৈরি রেস্টুরেন্ট-স্টাইলের মজাদার চিকেন টিক্কি।