আমাদের রান্নাঘরে প্রতিদিন যে পরিমাণ উচ্ছিষ্ট তৈরি হয়, তার অনেকটাই নষ্ট হয়ে যায়। অথচ এই উচ্ছিষ্ট থেকেই সহজে তৈরি করা যায় অর্গানিক সার, যা গাছের জন্য যেমন উপকারী, তেমনি পরিবেশবান্ধবও।

কেন রান্নাঘরের উচ্ছিষ্ট ব্যবহার করবেন?

সবজি, ফলের খোসা, চায়ের পাতা, কফির গুঁড়ো বা ভাতের অবশিষ্টাংশ—এগুলোতে প্রাকৃতিক পুষ্টি উপাদান থাকে যা মাটিকে উর্বর করে তোলে। এতে নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়ামসহ নানা খনিজ পাওয়া যায়, যা গাছের সুস্থ বৃদ্ধি নিশ্চিত করে।

সার বানানোর প্রক্রিয়া

১. একটি ঢাকনাযুক্ত বড় পাত্র বা ড্রাম নিন।

২. রান্নাঘরের উচ্ছিষ্ট যেমন সবজির খোসা, চায়ের পাতা, ফলের বীজ ইত্যাদি সেই পাত্রে জমা করুন।

৩. প্রতিবার উচ্ছিষ্ট দেওয়ার পর অল্প পরিমাণ মাটি বা শুকনো পাতা মিশিয়ে দিন, এতে দুর্গন্ধ হবে না।

4. মাঝে মাঝে অল্প জল ছিটিয়ে দিন, যাতে আর্দ্রতা বজায় থাকে।

৫. পাত্রটি সরাসরি রোদে না রেখে ছায়াযুক্ত জায়গায় রাখুন।

৬. প্রায় ৪-৬ সপ্তাহ পর উচ্ছিষ্টগুলো পচে গিয়ে কালচে সার বা কম্পোস্টে পরিণত হবে।

ব্যবহারবিধি

তৈরি হওয়া কম্পোস্ট সরাসরি টবে বা বাগানের মাটির সঙ্গে মিশিয়ে ব্যবহার করুন। এটি মাটিকে ঝুরঝুরে করবে, গাছকে দ্রুত বাড়তে সাহায্য করবে এবং ফুল ও ফলের উৎপাদন বাড়াবে।

রান্নাঘরের উচ্ছিষ্ট ফেলে দেওয়ার বদলে যদি তা দিয়ে সার তৈরি করা যায়, তাহলে একদিকে পরিবেশ দূষণ কমবে, অন্যদিকে গাছও পাবে প্রাকৃতিক পুষ্টি। এটি ঘরোয়া ও সহজ উপায়, যা শহরের ছোট্ট বারান্দার বাগান থেকেও শুরু করা সম্ভব।

Related Posts