রোজ জলখাবারে বা ডিনারে একঘেয়ে রুটি খেতে খেতে ক্লান্ত? তাহলে এই রেসিপিটা বানিয়ে দেখুন। বানানো খুব সহজ। আর রুটি দিয়েই বানাতে পারবেন এই লাসানিয়া। কীভাবে? জেনে নিন-    

উপকরণঃ

  • ৪ টি সমান আকারের রুটি
  • ১ কাপ গ্রেটেড চিজ
  • ১ কাপ টমেটো পিউরি বা পেস্ট
  • ১ বড়ো চামচ রসুনকুচি
  • ১ টেবিলচামচ অরিগ্যানো আর বেসিল
  • ২ টেবিলচামচ অলিভ অয়েল
  • ১/৪ কাপ মাখন
  • ১/৪ কাপ ময়দা
  • ১ কাপ দুধ
  • ২ কাপ সেদ্ধ সবজি (ফুলকপি, গাজর, কুমড়ো, মটর বা বাড়িতে যা আছে দিতে পারেন)
  • ১/২ কাপ হালকা করে ভেজে নেওয়া বেগুনের ছোটো টুকরো
  • স্বাদ অনুযায়ী নুন আর চিনি

প্রণালীঃ

১। প্যানে অলিভ অয়েল দিয়ে রসুনকুচি ছাড়ুন।

২। তা ভেজে সুগন্ধ উঠলে ছেড়ে দিন টমেটো পিউরি।

৩। নুন, চিনি, অরিগ্যানো, বেসিল মেশান তাতে।

৪। খানিকক্ষণ ফুটিয়ে নিন, টমেটো থেকে কাঁচাভাব চলে গেলে সেদ্ধ সবজি দিয়ে সরিয়ে রাখুন।

৫। এবার সাদা সস তৈরির জন্য সসপ্যানে মাখন দিন।

৬। ময়দা দিয়ে নাড়াচাড়া করুন।

৭। তার রং বদলানোর আগে দুধ ঢেলে দিন। নুন-চিনি মেশান। ফুটে উঠলে সস রেডি।

৮। সাদা সস বানানোর সময় প্রথমে পেঁয়াজ হালকা সতে করে নিন।

৯। সঙ্গে একটু লবঙ্গ আর তেজপাতা দিতে পারেন।

১০। সাদা সস নামানোর আগে সামান্য জায়ফল গুঁড়ো দিন, খেতে ভালো হবে।

১১। লাসানিয়া তৈরির জন্য প্রথমে একটি ওভেনপ্রুফ পাত্রে রুটি রাখুন।

১২। তার উপর সাদা ও টমেটো সস দিন, চিজ মেশান।

১৩। এইভাবে সব রুটি দিয়ে চারটি লেয়ার তৈরি করুন।

১৪। শেষ লেয়ারের উপর সাদা সস, টমেটো সস আর চিজের পরত তৈরি করুন।

১৫। এবার আগে থেকে গরম করে নেওয়া ওভেনে ১৫০ ডিগ্রি তাপমাত্রায় ১২ মিনিট সেঁকে নিলেই তৈরি আপনার লাসাগনা।

এবার স্লাইস করে নিয়ে পরিবেশন করুন। যদি হাতের কাছে মোজারেল্লা চিজ থাকে, তা হলে স্বাদ আরও ভালো হবে।

বিশেষ টিপস রুটি খুব হালকা করে সেঁকতে হবে, কারণ তা পরে আবার বেক করা হবে, তখন শক্ত লাগবে খেতে।

Related Posts