ফ্যাশনের দুনিয়ায় এখন চলছে রূপোর গয়নার রমরমা। রুপোর গয়নার সবচেয়ে বড় সুবিধা হলো, এটি প্রায় সব ধরনের পোশাক এবং রঙের সঙ্গেই দারুণ মানিয়ে যায়। বিয়েবাড়ি হোক বা কলেজের আড্ডা, ট্র্যাডিশনাল হোক বা ওয়েস্টার্ন লুক- সবখানেই রুপোর গয়না এখন ফ্যাশনপ্রেমীদের প্রথম পছন্দ। তবে কখন, কোথায় এবং কোন পোশাকের সঙ্গে রুপোর গয়না পরলে নজর কাড়বেন, রইল টিপস-

ট্র্যাডিশনাল পোশাকঃ
- শাড়ি, সালোয়ার-কামিজ বা লেহেঙ্গার সঙ্গে অ্যান্টিক ফিনিশড রুপোর গয়না (যেমন- ঝুমকা, সীতাহার, মানতাশা) পরুন।
- লাল, সবুজ, নীল বা কালো রঙের পোশাকের সঙ্গে অক্সিডাইজড বা অ্যান্টিক রুপো একটি ক্লাসি লুক দেয়।
- বিয়ে বা বড় অনুষ্ঠানে একটু ভারী কাজের বা পুঁতি-পাথর বসানো রুপোর চোকার বা নেকলেস পরতে পারেন।
- আজকাল বিয়ের লেহেঙ্গার সঙ্গেও রুপোর গয়নার চল হয়েছে।

ওয়েস্টার্ন পোশাকঃ
- জিন্স, টপস, ড্রেস বা ব্লেজারের সঙ্গে আধুনিক ডিজাইনের সিলভার জুয়েলারি (যেমন- চেন পেনডেন্ট, চওড়া কফ ব্রেসলেট, হুপ ইয়ারিংস, লেয়ার নেকলেস) অসাধারণ লাগে।
- সাদা, প্যাস্টেল রঙ (যেমন- মিন্ট গ্রিন, ল্যাভেন্ডার) বা ডেনিমের সঙ্গে রুপোর ঔজ্জ্বল্য আরও বাড়ে।
- অফিস বা ক্যাজুয়াল গেট-টুগেদারে হালকা কাজ করা ছোট স্টাড বা রিং, স্লিক চেইন বা ব্রেসলেট বেছে নিন।
- বিভিন্ন উৎসবের সময় আপনার পছন্দের সব ভারী রুপোর গয়না, যেমন- বড় নথ, কোমরবন্ধন বা আংটি পরে নজর কাড়তে পারেন।

কিন্তু হঠাৎ এই বদল কেন? এর প্রধান কারণ হলো সোনার ঊর্ধ্বমুখী দাম। তাই সাধ্যের মধ্যে স্টাইল ও আভিজাত্য বজায় রাখতে সবাই ঝুঁকছেন রুপোর দিকে। রুপোর গয়না অনেক বেশি ভার্সেটাইল এবং বাজেট-ফ্রেন্ডলি, যা আজকের ট্রেন্ডি জেনারেশনের জন্য একদম পারফেক্ট।