মেঘলা দিনের একটা বড় সমস্যা ফাঙ্গাস বা ছত্রাক। পেট থেকে শুরু করে জামা-কাপড়, বাড়ির জিনিসপত্র, এমনকী মাথার উপরে থাকা ছাদ, কী না নষ্ট করতে পারে ফাঙ্গাস! সেরকমই ছত্রাকের প্রভাবে এই বর্ষায় আমাদের পায়ের নখ খসখসে, বিবর্ণ হয় আর ভেঙে যায়। তবে টুকিটাকি কয়েকটা বিষয় মাথায় রাখলে ফাঙ্গাসের হাত থেকে নখকে বাঁচাতে পারবেন আর সহজে নখ ভাঙবেও না।

কী কী টিপস?

১। বাইরে থেকে ঘুরে এলে কোনও অ্যান্টি-সেপটিক মেশানো জলে পা ভাল করে ধুয়ে শুকনো কাপড় দিয়ে মুছে নিন।

২। ভিজে জুতো বা মোজা পরে থাকবেন না।

৩। পা অনেকক্ষণ ভিজে থাকলে বাড়ি ফিরে ঈষদুষ্ণ জলে নুন মিশিয়ে পা ডুবিয়ে রাখুন।

৪। এরপরে হালকা ময়েশ্চারাইজার বা নারকেল তেল পায়ে মেখে নিন। নখ আর পায়ের ত্বক দুই-ই ভাল থাকবে এতে।

৫। বর্ষাকালে নখ (বিশেষ করে পায়ের) ছোট করে কেটে রাখাই ভালো। এতে জীবাণুর আক্রমণ  থেকে বাঁচবে।

৬। নোংরা বা কাদা জল এড়িয়ে চলার চেষ্টা করুন।

৭। ভেজা ফাঙ্গাস ধরা জুতো পরবেন না।

৮। চেষ্টা করুন বর্ষার উপযোগী জুতো বা মোজা পরতে।

৯। সপ্তাহে দু’বার কোনও ফুট স্ক্রাব দিয়ে পায়ের মৃত কোষগুলো ঘষে তুলে ফেলুন। ব্রাশ দিয়ে পায়ের ময়লা পরিষ্কার করতে পারেন।

১০। নেল পলিশ পরলে এক সপ্তাহ বা দশ দিন অন্তর তা তুলে বদলে নিন। আর নেল পলিশ পরার আগে অবশ্যই বেস কোট লাগিয়ে নিন।

Related Posts