ব্যস্ত জীবনযাত্রা, কড়া রোদের তাপ আর প্রতিদিনের দূষণের দাপটে ত্বকের স্বাভাবিক উজ্জ্বলতা হারিয়ে যাওয়া অত্যন্ত স্বাভাবিক একটি ঘটনা। অনেকসময় নামি দামি বিউটি প্রোডাক্ট ব্যবহার করে বা পার্লারে গিয়ে ট্রিটমেন্ট করালেও স্থায়ী সমাধান মেলে না। অথচ আপনার রান্নাঘরের কয়েকটি অতি পরিচিত ঘরোয়া উপাদান দিয়েই কিন্তু ফিরিয়ে আনা সম্ভব আপনার ত্বকের আসল চমক। চলুন জেনে নেওয়া যাক একেবারে ঘরোয়া উপায়ে খুব সহজেই কীভাবে মুখের এই জেদি কালচে ভাব দূর করে ত্বককে করে তুলবেন আরও সুন্দর, দাগহীন এবং সতেজ।
লেবু ও মধুর ম্যাজিক্যাল প্যাক:

লেবুতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং প্রাকৃতিক ব্লিচিং উপাদান, যা ত্বকের গভীরে জমে থাকা ময়লা ও কালো ছোপ দূর করতে সাহায্য করে। অন্যদিকে মধু ত্বককে ভেতর থেকে নরম ও আর্দ্র করে তোলে। এক চামচ লেবুর রসের সঙ্গে এক চামচ খাঁটি মধু ভালোভাবে মিশিয়ে মুখে ১০-১৫ মিনিট লাগিয়ে রাখুন। এরপর ঠান্ডা জলে মুখ ধুয়ে নিন। সপ্তাহে অন্তত দু’দিন এটি ব্যবহার করলে নিজের ত্বকে দ্রুত পার্থক্য দেখতে পাবেন।
কাঁচা দুধ ও হলুদের ফেসপ্যাক:

আয়ুর্বেদে কাঁচা দুধ ও হলুদের মিশ্রণকে ত্বকের উজ্জ্বলতা বাড়ানোর সেরা উপায় বলা হয়। হলুদে থাকা অ্যান্টি-অক্সিডেন্ট উপাদান ত্বকের জেদি দাগ দূর করে এবং কাঁচা দুধের ল্যাকটিক অ্যাসিড ত্বক পরিষ্কার করে কোমল করে তোলে। দু’চামচ কাঁচা দুধে এক চিমটে কস্তুরী হলুদ মিশিয়ে তুলো দিয়ে পুরো মুখে হালকাভাবে মাসাজ করুন। ১০ মিনিট পর জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন।
আলু ও টমেটোর সলিউশন:

রোদে পোড়া জেদি কালচে ভাব কাটাতে আলু এবং টমেটোর রস জাদুর মতো কাজ করে। আলুর রসে থাকা এনজাইম ত্বকের যেকোনো দাগ হালকা করতে অত্যন্ত কার্যকরী। আলুর রস ও টমেটোর পাল্প সমপরিমাণে মিশিয়ে ত্বকে গোলাকারভাবে মাসাজ করুন। ১৫ মিনিট রেখে জল দিয়ে ধুয়ে নিলেই ত্বকের তফাত স্পষ্ট বুঝতে পারবেন।
অ্যালোভেরা জেলের নিয়মিত ব্যবহার:

ত্বকের পোড়াভাব, জ্বালাপোড়া ও কালচে ভাব দূর করতে অ্যালোভেরা জেলের কোনো বিকল্প নেই। প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে পরিষ্কার মুখে অ্যালোভেরা জেল লাগিয়ে রাখুন। সকালে উঠে মুখ ধুয়ে নিলেই পেয়ে যাবেন আরোও মসৃণ ও সতেজ ত্বক।
ব্যাসন ও দইয়ের ন্যাচারাল স্ক্রাব:

ত্বকের মৃত কোষের কারণেও মুখ কালচে দেখাতে পারে। তাই মাঝে মাঝে ত্বকের এক্সফোলিয়েশন জরুরি। দু’চামচ বেসনের সঙ্গে এক চামচ টকদই মিশিয়ে পেস্ট তৈরি করুন। এটি মুখে লাগিয়ে হালকা হাতে স্ক্রাব করে ১০ মিনিট পর ধুয়ে নিন। এটি ত্বকের মৃত কোষ রিমুভ করে মুহূর্তে উজ্জ্বলতা ফিরিয়ে আনে।
পর্যাপ্ত জল পান ও সানস্ক্রিন:

ঘরোয়া প্যাক ব্যবহারের পাশাপাশি ভেতর থেকে ত্বককে সুস্থ রাখাও জরুরি। তাই দিনে অন্তত ৩ লিটার জল খাওয়ার অভ্যাস তৈরি করুন। বাইরে বের হওয়ার আগে অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করুন, যা ক্ষতিকর অতিবেগুনি রশ্মি থেকে ত্বককে সুরক্ষিত রাখবে।
