শহরের ভিড় এড়িয়ে একটু যদি অফবিট জায়গায় শান্তি খুঁজতে চান, তবে ওড়িশার ময়ুরভঞ্জ জেলার পঞ্চলিঙ্গেশ্বর হতে পারে আদর্শ গন্তব্য। সবুজ পাহাড়ি অরণ্যের কোলে লুকিয়ে থাকা প্রাচীন শিবমন্দির, ঝরনার জল আর নির্জন প্রকৃতি একসাথে মিলিয়ে দেবে অন্যরকম অভিজ্ঞতা। এছাড়াও রামায়নের সঙ্গে সম্পর্ক আছে এই মন্দিরের। লোকশ্রুতি অনুযায়ী, রাম ও সীতার বনবাসের সময় শিবলিঙ্গগুলো প্রতিষ্ঠা করেন সীতা নিজে।
কীভাবে যাবেন
কলকাতা থেকে ট্রেন বা বাসে বালাসোর পৌঁছতে হবে। বালাসোর থেকে গাড়ি ভাড়া করে বা লোকাল পরিবহণে প্রায় ৩০ কিলোমিটার দূরে পঞ্চলিঙ্গেশ্বর যাওয়া যায়। প্রাইভেট গাড়ি নিয়েও যাওয়া সম্ভব।

কোথায় থাকবেন
ওড়িশা ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশনের (OTDC) একটি পর্যটক লজ রয়েছে এখানে। পার্শ্ববর্তী নীলগিরি বা বালাসোর শহরে ছোট-খাটো গেস্ট-হাউস থেকে শুরু করে পর্যটকদের জন্য লজ পাওয়া যায়।
কী খাবেন
লজ ও গেস্ট হাউসগুলোতেই সাধারণ ওড়িয়া ও বাঙালি খাবার পাওয়া যায় – ভাত, ডাল, শাকসবজি, মাছ ও মুরগির ঝোল। বালাসোর শহরে গেলে আরও নানা ধরনের রেস্টুরেন্টে খাওয়ার সুযোগ আছে।

কী দেখবেন
সবচেয়ে বড় আকর্ষণ হল পাহাড়ি ঝরনার মাঝে শিবমন্দিরের পঞ্চলিঙ্গ। মন্দিরে পৌঁছতে প্রায় ২৬৩টি সিঁড়ি চড়তে হয়, তবে উপরে পৌঁছে প্রকৃতির সৌন্দর্য ও শান্ত পরিবেশ ক্লান্তি ভুলিয়ে দেবে। চারপাশের ঘন অরণ্যে ছোটখাটো ট্রেকিং করা যায়। কাছাকাছি দেবকুন্ড জলপ্রপাত ও সিমলিপাল জঙ্গলে ঘুরেও আসা যায়।
পঞ্চলিঙ্গেশ্বর এমন এক জায়গা যেখানে ভিড় নেই, আছে শুধু শান্ত প্রকৃতি আর পৌরাণিক আবহ।