গরমকাল মানেই আমাদের কাছে আমের রাজত্ব। কিন্তু আপনারা কি জানেন এই আমের জনপ্রিয়তাকেও টেক্কা দেওয়ার মতো একটি ফল আছে? তালগাছের কচি ফল থেকে পাওয়া এই স্বচ্ছ, নরম, আর ঠান্ডা তালশাঁস শুধু স্বাদে নয়, নানা পুষ্টিগুণেও ঠাসা। চলুন জেনে নেওয়া যাক এই সহজ ফলের লুকিয়ে থাকা কিছু উপকারিতা –

উপকারিতাঃ
১। জলের চাহিদা
তালশাঁসের প্রায় পুরোটাই জল। গরমে শরীরের বাড়তি জলের চাহিদা মেটাতে সাহায্য করে এই ফল। তাই জলের পাশাপাশি প্রচণ্ড গরমে সুমিষ্ট এই ফলও খান।
২। শারীরিক সমস্যা
গরমের সময়ে অনেকেরই পাকস্থলীর সমস্যা, পেট গরম এবং জ্বলুনি ভাব দেখা দেয়। এসব সমস্যার ক্ষেত্রে সমাধান দিতে পারে তালশাঁস। সেইসঙ্গে হজমশক্তিও বাড়ায়।
৩। লিভারের সমস্যা
বর্তমানে অনিয়মিত জীবনযাপনের জন্য অনেকেই লিভারের সমস্যায় ভুগছেন। তাই খাবারের তালিকা থেকে অতিরিক্ত তেল-মশলাযুক্ত খাবার বাদ দেওয়ার পাশাপাশি খেতে পারেন তালশাঁস। এটি আপনার লিভারকে সুরক্ষিত রাখতে কাজ করবে।
৪। অ্যালার্জির সমস্যা
গরমে হাত পায়ে ইচিং কিংবা অ্যালার্জির সমস্যায় ভোগেন অনেকেই। শরীরে জলশূন্যতা সৃষ্টি হওয়ার কারণে এমনটি ঘটে। এ সমস্যারও সমাধান করে তালশাঁস।

৫। ওজন নিয়ন্ত্রণে রাখে
ওজন হাতের মুঠোয় রাখতে তালশাঁস ভীষণ কার্যকরী। কারণ রোগা হওয়ার জন্য শরীরে জলের ঘাটতি পূরণ এবং দীর্ঘক্ষণ পেট ভর্তি রাখার মতো ফাইবার জাতীয় খাবার খাওয়া ভীষণ জরুরি।
৬। দৃষ্টিশক্তি বাড়ে
তালশাঁসে রয়েছে ভিটামিন-এ, যা দৃষ্টিশক্তিকে প্রখর করতে সাহায্য করে। শরীরের জন্য উপকারী ভিটামিন-সি ও বি-এর কমপ্লেক্স মেলে এই ফলে।
৭। অ্যানিমিয়ার সমস্যা
তালশাঁসে প্রচুর পরিমাণে আয়রন আছে। নিয়মিত খেলে অ্যানিমিয়া ও রক্তশূন্যতার মতো সমস্যাও ঠিক হয়।
৮। অন্ত্র ভালো রাখে
কোষ্ঠকাঠিন্য ও হজমের গণ্ডগোল দূর করতে বেশ কার্যকরী তালশাঁস। অন্ত্রের স্বাস্থ্যকেও ভালো রাখে এই ফল।
৯। ত্বক ও চুলের সমস্যা
তালশাঁস শরীরের কোষের ক্ষয় প্রতিরোধ করে। ত্বক শুষ্ক হয়ে যাওয়া, চুল পড়া ইত্যাদি রোধ করতে সাহায্য করে এই ফল।

১০। প্রেগন্যান্ট মহিলাদের জন্য
হবু কিংবা নতুন মায়েদের জন্য এই ফল বেশ কাজের। তালশাঁসের মধ্যে থাকা নানারকম ভিটামিন এবং খনিজ হাড়ের জোর বাড়িয়ে তোলে এবং শরীরে নানা রকম পুষ্টির ঘাটতি পূরণ করে।
তবে এই ফলের যেমন অনেক উপকারিতা আছে, তেমনি এই ফল বেশি খেলে পেট ব্যাথা কিংবা পেট ঠান্ডা হয়ে ডায়রিয়া হতে পারে। তাই গরমে সুস্থ থাকতে চাইলে তালশাঁস খান পরিমিতভাবে। স্বাদও পাবেন, আবার উপকারও মিলবে প্রচুর।