বর্ষা মানেই প্রকৃতির এক অন্যরকম সৌন্দর্য। জলভেজা বাতাস, মেঘে ঢাকা আকাশ আর সমুদ্রের গর্জন যেন হয়ে ওঠে মন ছুঁয়ে যাওয়ার মতো অভিজ্ঞতা। অনেকে ভাবেন, বর্ষায় সমুদ্রে ঘুরতে যাওয়া নিরাপদ নয়। তবে সতর্কতা অবলম্বন করলে বর্ষার সমুদ্র ভ্রমণ হতে পারে এক দারুণ অভিজ্ঞতা। তাই ভ্রমণে বেরোনোর আগে কয়েকটি গুরুত্বপূর্ণ জিনিস সঙ্গে রাখা অত্যন্ত প্রয়োজনীয়।

১. রেইন কোট বা ছাতা:

বৃষ্টির তো ঠিকঠিকানা নেই, যখন-তখন নেমে আসতে পারে। তাই হালকা ওজনের রেইন কোট বা ছাতা ব্যাগে রাখলে হঠাৎ বৃষ্টিতেও আপনি থাকবেন সুরক্ষিত।

২. ওয়াটারপ্রুফ ব্যাগ:

বর্ষায় সমুদ্রের ধারে ভিজে যাওয়ার ভয় থাকে সব সময়। ফোন, ক্যামেরা, ওয়ারলেট বা গুরুত্বপূর্ণ নথিপত্র রাখতে ওয়াটারপ্রুফ ব্যাগ বা জিপলক পাউচ খুব উপকারী।

৩. স্লিপার বা ওয়াটারপ্রুফ শু:

বর্ষায় পিচ্ছিল জায়গায় হাঁটতে সমস্যা হয়। তাই আরামদায়ক, হালকা ও জল লাগলে সহজে শুকিয়ে যায় এমন ফ্লিপ-ফ্লপ বা স্যান্ডেল রাখুন।

৪. প্রয়োজনীয় ওষুধ ও ফার্স্ট এইড কিট:

বর্ষায় জ্বর, সর্দি, পেট খারাপ, হজমের সমস্যা, অ্যালার্জি ইত্যাদি হতে পারে। তাই অ্যান্টিসেপটিক, ব্যান্ড-এইড, প্যারাসিটামল, অ্যান্টাসিড জাতীয় ওষুধ ও হ্যান্ড স্যানিটাইজার রাখুন।

৫. ওয়াটারপ্রুফ সানস্ক্রিন ও মশার রিপেলেন্ট:

অনেকে মনে করেন বর্ষায় সানস্ক্রিন দরকার নেই, কিন্তু UV রশ্মি বর্ষাতেও কাজ করে। তাই ওয়াটারপ্রুফ সানস্ক্রিন লাগান। পাশাপাশি মশার কামড় থেকে বাঁচতে মশার স্প্রে বা ক্রিম ব্যবহার করুন।

৬. অতিরিক্ত জামাকাপড়, তোয়ালে ও প্লাস্টিক ব্যাগ:

ভিজে গেলে পাল্টে নেওয়ার জন্য বাড়তি জামাকাপড় রাখা জরুরি। তোয়ালে ও ভিজে কাপড় রাখার জন্য কয়েকটি প্লাস্টিক ব্যাগ রাখলে কাজে আসবে।

৭. হালকা শুকনো খাবার ও পানীয় জল:

বর্ষাকালে সবসময় আশেপাশে খাবার নাও পাওয়া যেতে পারে। তাই বিস্কুট, চকলেট, ড্রাই ফ্রুটসের মতো হালকা খাবার এবং বোতলজাত পানীয় জল রাখুন।

৮. পাওয়ার ব্যাংক:

ভিজে গেলে ফোনে চার্জ শেষ হয়ে যাওয়া বা বন্ধ হয়ে যাওয়া স্বাভাবিক। তাই সঙ্গে রাখুন একটি ভালো মানের পাওয়ার ব্যাংক।

বর্ষাকাল হোক বা গ্রীষ্মকাল, ভ্রমণের মূলমন্ত্রই হল প্রস্তুতি। বর্ষার রোমান্টিক পরিবেশ আর সমুদ্রের ছোঁয়া যদি একসঙ্গে উপভোগ করতে চান, তবে এই জিনিসগুলো সঙ্গে রাখুন, সাবধানতা অবলম্বন করুন, আর উপভোগ করুন এক অনন্য অভিজ্ঞতা।

Related Posts